বাগেরহাটে প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে তদবির বাণিজ্য, গ্রেপ্তার ১
বাগেরহাট প্রতিনিধি। দৈনিক ক্রাইম জনতা /
বাগেরহাট-৩ আসনের সংসদ সদস্য এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম ও পদবি ব্যবহার করে অবৈধ তদবির বাণিজ্যের অভিযোগে মো. কামরুজ্জামান টুকু (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।
রোববার (২ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম। গ্রেপ্তার কামরুজ্জামান টুকু চিলা ইউনিয়নের হলদিবুনিয়া গ্রামের মৃত নুরুল ইসলাম শেখের ছেলে।
পুলিশ জানায়, প্রতিমন্ত্রীর নাম ব্যবহার করে একটি প্রতারক চক্র দীর্ঘদিন ধরে অবৈধ তদবির বাণিজ্য চালিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে তদন্ত শুরু হয়। পরবর্তীতে তথ্যপ্রযুক্তির সহায়তায় চক্রটির সঙ্গে জড়িত ব্যক্তিদের অবস্থান শনাক্ত করে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে অভিযুক্ত কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারের সময় উদ্ধার করা প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত সিল ও স্ট্যাম্প প্যাড ব্যবহার করে প্রতিমন্ত্রীর পরিচয় ভাঙিয়ে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানে প্রভাব খাটানো এবং অবৈধ তদবির বাণিজ্য চালানো হচ্ছিল। এ ঘটনায় মোংলা থানায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।
মোংলা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. রেফাতুল ইসলাম বলেন, প্রতিমন্ত্রী ড. শেখ ফরিদুল ইসলামের নাম, সিল ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে মো. কামরুজ্জামান টুকুকে গ্রেপ্তার করা হয়েছে। তার কাছ থেকে প্রতিমন্ত্রীর নাম ও পদবি সংবলিত একটি সিল ও স্ট্যাম্প প্যাড জব্দ করা হয়। তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তদন্তে অন্য কারও সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেলে তাদের বিরুদ্ধেও কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
রাজধানীতে ভয়াবহ আকারে বাড়ছে অজ্ঞাত লাশ!