আশুলিয়ার বাইপাইলে সড়কে চরম ভোগান্তি, থমকে যাচ্ছে জনজীবন!
মো. ওমর ফারুক, ক্রাইম জনতা //
সাভারের বাইপাইল থেকে আশুলিয়া পর্যন্ত সড়কের অবস্থা এখন অত্যন্ত খারাপ। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত তৈরি হওয়া এবং চলমান এলিভেটেড এক্সপ্রেসওয়ের কাজের কারণে প্রতিদিন এই পথে যাতায়াতকারী কয়েক লাখ মানুষকে চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। ভয়াবহ এ ভোগান্তিতে থমকে যাচ্ছে জনজীবন।
দেখা গেছে, বাইপাইল থেকে শুরু করে আশুলিয়া পর্যন্ত সড়কের বেশিরভাগ জায়গার পিচ উঠে গেছে। এর ফলে রাস্তায় ছোট-বড় অসংখ্য গর্তের সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টি হলেই এই গর্তগুলোতে পানি জমে থাকে। গভীরতা বুঝতে না পেরে ছোট যানবাহনগুলো প্রায়ই এসব গর্তে আটকে যাচ্ছে। এতে করে তীব্র যানজটের সৃষ্টি হচ্ছে এবং যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে স্বাভাবিকের চেয়ে কয়েক গুণ বেশি সময় লাগছে।
রাস্তার কাজের জন্য সড়কের অনেক জায়গা বেষ্টনী দিয়ে ঘিরে রাখা হয়েছে, যার ফলে রাস্তা সরু হয়ে গেছে। সবচেয়ে বেশি বিপদে পড়েছেন সাধারণ পথচারীরা। সড়কের পাশে হাঁটার মতো কোনো জায়গা অবশিষ্ট নেই। বৃষ্টির পানি আর কাদা মাড়িয়েই মানুষকে যাতায়াত করতে হচ্ছে। স্কুল-কলেজগামী শিক্ষার্থী এবং পোশাক কারখানার শ্রমিকদের প্রতিদিন কাদা পানি মাড়িয়ে নোংরা পোশাকে কর্মস্থলে বা শিক্ষাপ্রতিষ্ঠানে যেতে দেখা যায়।
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার!