এ বছর কোরবানিযোগ্য পশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ
বিশেষ প্রতিবেদক, ক্রাইম জনতা //
চলতি বছর কোরবানিযোগ্য গবাদিপশুর সংখ্যা ১ কোটি ২৩ লাখ ৩৩ হাজারটি। চাহিদা ১ কোটি ১ লাখ ৬ হাজার ৩৩৪টি। রোববার (৩ মে) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান।
তিনি বলেন, কোরবানিযোগ্য গবাদিপশুর মধ্যে গরু ও মহিষ ৫৬ লাখ ৯৫ হাজার ৮৭৮টি; ছাগল ও ভেড়া ৬৬ লাখ ৩২ হাজার ৩০৭টি এবং অন্যান্য প্রজাতি যেমন—উট, দুম্বা ইত্যাদি ৫ হাজার ৬৫৫টি।
আমিন উর রশিদ বলেন, এবার কোরবানিযোগ্য গবাদিপশুর কোনো ঘাটতি নেই। ফলে কোরবানির পশু নিয়ে কোনো সংকট হবে না। চাহিদার তুলনায় ২২ লাখ ২৭ হাজার ৫০৬টি পশু উদ্বৃত্ত থাকবে।
তিনি বলেন, সীমান্ত দিয়ে কোরবানির পশু যাতে দেশে ঢুকতে না পারে সেজন্য সরকার কঠোর নজরদারি করবে। সীমান্তে বিজিবি, পুলিশসহ কঠোর নজরদারি করা হবে। কোনো অনুপ্রবেশ বরদাস্ত করা হবে না।
মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী বলেন, হাট এবং ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনী তৎপর থাকবে। সাদা পোশাকেও দায়িত্ব পালন করবে। অনলাইনে পশু বেচাকেনায় খাজনা বা হাসিল দিতে হবে না।
তিনি আরও বলেন, কোরবানির পশুর ট্রাকে চাঁদাবাজি বন্ধে কঠোর অবস্থানে থাকবে সরকার। এরই মধ্যে চাঁদাবাজদের বিরুদ্ধে অভিযান শুরু করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার!