জনবান্ধব পুলিশ গঠনের প্রত্যয়ে শেষ হলো পুলিশ সপ্তাহ
সৈকত মনি, ক্রাইম জনতা //
আধুনিক, জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর পুলিশ বাহিনী গঠনের দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্তের মধ্য দিয়ে সফলভাবে শেষ হয়েছে চার দিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। ‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত এ কর্মসূচি বুধবার (১৩ মে) নানা আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে সমাপ্ত হয়।
পুলিশ সপ্তাহের চতুর্থ ও শেষ দিনে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় অবসরপ্রাপ্ত ও কর্মরত পুলিশ কর্মকর্তাদের সম্মেলন। আন্তরিক ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এ সম্মেলনে অবসরপ্রাপ্ত কর্মকর্তারা তাদের দীর্ঘ কর্মজীবনের অভিজ্ঞতা ও দিকনির্দেশনা তুলে ধরেন। একই সঙ্গে কর্মরত কর্মকর্তারাও পুলিশের আধুনিকায়ন, পেশাগত সক্ষমতা বৃদ্ধি এবং জনমুখী পুলিশিং কার্যক্রম আরও গতিশীল করার বিষয়ে মতামত দেন।
পুলিশ সপ্তাহের বিভিন্ন কর্মঅধিবেশনে আইনশৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, সাইবার নিরাপত্তা জোরদার, মাদকবিরোধী অভিযান, ট্রাফিক ব্যবস্থাপনা, কমিউনিটি পুলিশিং এবং জনসেবার মানোন্নয়নসহ গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বিশেষভাবে পুলিশ-জনতার সম্পর্ক আরও সুদৃঢ় করতে জনগণের আস্থা ও সম্পৃক্ততা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
গত ১০ মে প্রধানমন্ত্রী তারেক রহমান বার্ষিক পুলিশ প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণের মাধ্যমে পুলিশ সপ্তাহ ২০২৬ উদ্বোধন করেন। এ সময় তিনি পুলিশ কর্মকর্তা ও সদস্যদের উদ্দেশ্যে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন।
এ ছাড়া স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ এবং বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বাংলাদেশ পুলিশকে আরও আধুনিক, দক্ষ ও জনবান্ধব বাহিনী হিসেবে গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
পুলিশ সপ্তাহ উপলক্ষে মাঠ পর্যায়ের পুলিশ কর্মকর্তাদের সঙ্গে আইজিপির একাধিক সম্মেলন অনুষ্ঠিত হয়। এসব সম্মেলনে কর্মকর্তারা মাঠ পর্যায়ের বিভিন্ন চ্যালেঞ্জ, সেবার মানোন্নয়ন, প্রযুক্তির ব্যবহার বৃদ্ধি এবং বাহিনীর সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ প্রস্তাব তুলে ধরেন।
পুলিশ সপ্তাহের প্রতিটি কর্মঅধিবেশন ছিল প্রাণবন্ত ও অংশগ্রহণমূলক। মাঠ পর্যায়ের কর্মকর্তাদের সক্রিয় অংশগ্রহণ অধিবেশনগুলোকে আরও বাস্তবমুখী ও ফলপ্রসূ করে তোলে।
উৎসবমুখর ও কর্মচঞ্চল পরিবেশে অনুষ্ঠিত পুলিশ সপ্তাহ ২০২৬ বাংলাদেশ পুলিশের পেশাদারিত্ব, মানবিকতা এবং জনসেবার অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে বলে সংশ্লিষ্টদের প্রত্যাশা।
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার!