ফরিদগঞ্জে ছেলেকে দিয়ে ক্লাস করানো সেই শিক্ষিকা বরখাস্ত!
চাঁদপুর প্রতিনিধি, ক্রাইম জনতা
নিজে কর্মস্থলে অনুপস্থিত থেকে দাখিল পাস ছেলেকে দিয়ে পাঠদান করানো ফাতেমা বেগম নামে সেই সহকারী শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।
সম্প্রতি বিষয়টি জানাজানি হয়। গত ১২ মে চাঁদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মুহাম্মদ মোছাদ্দেক হোসেন স্বাক্ষরিত এক অফিস আদেশে বিষয়টি নিশ্চিত করা হয়।
অভিযুক্ত ফাতেমা বেগম চাঁদপুরের ফরিদগঞ্জ উপজেলার রূপসা ইউনিয়নের বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক।
জানা গেছে, সহকারী শিক্ষক ফাতেমা বেগম তার সদ্য দাখিল পাস ছেলে মিরাজুন্নবী সিয়ামকে দিয়ে দীর্ঘদিন পাঠদান চালিয়ে আসছিলেন। নিজে অনুপস্থিত থেকে ছেলেকে দিয়ে শ্রেণি কার্যক্রম পরিচালনা করায় বিদ্যালয়ের শিক্ষার্থী, অভিভাবকরা ক্ষোভ প্রকাশ করেন।
উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার শিরিন সুলতানা বলেন, ‘অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে’
এ বিষয়ে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মুহাম্মদ মোছাদ্দেক হোসেন বলেন, ‘তাকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। যেকোনো ধরনের অনিয়মের বিরুদ্ধে আমরা সোচ্চার। কাউকে ছাড় দেওয়া হবে না।’
নওগাঁর ধামইরহাটে বাঁশঝাড় থেকে নারীর মরদেহ উদ্ধার!